
সোলার প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে ঋণ, প্রিপেইড মিটারে রিচার্জের অর্থ সরাসরি দেখানোর সিদ্ধান্ত
মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মার্কেটে সোলার প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার। রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, তাদের পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেওয়া হবে। সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সনদ থাকার পরও নিম্নমানের প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলা হয়েছে।
বৈঠকে সারাদেশে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তুলে ধরে দোকান মালিক সমিতি জানায়, প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। তাদের দাবি, একজন গ্রাহক বছরে গড়ে ১ হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন। একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে মাত্র একবার ৫ থেকে ৭ মিনিট বিদ্যুৎ বিভ্রাট হয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ ছাড়া প্রিপেইড মিটারে রিচার্জের পর কম অর্থ দেখানো ও মিটার ভাড়া কাটার বিষয়টি তুলে ধরে সমিতি মোবাইল রিচার্জের মতো গ্রাহকের জমা করা অর্থ সরাসরি মিটারে দেখানোর প্রস্তাব দেয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এখন থেকে রিচার্জ করা অর্থ সরাসরি মিটারে দেখানো হবে এবং অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করা হবে।
বাড়ি ও প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি বন্ধেও সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।


