
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বর্ধিত সময়সূচি অনুযায়ী, আজ ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। আর ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি করা যাবে।

বোর্ড জানিয়েছে, ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল নতুন শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য এন্ট্রির সুযোগ চালু হবে। এ ব্যবস্থায় শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ থাকবে না।
রেজিস্ট্রেশন ফি দেওয়া বা অনলাইন তথ্য এন্ট্রি-সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে অফিস সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৭১৫-৬১১৯৩৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


