
বিজ্ঞান বিভাগে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন
রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে যখন পাসের হার নেমেছে ৪৫ দশমিক ০৬ শতাংশে, তখন একই বোর্ডের অধীন বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে পাসের হার ৯৮ দশমিক ৮২ শতাংশ। বোর্ডজুড়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হলেও প্রতিষ্ঠানটিতে ৪২৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২০ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির এমন সাফল্য দেখা গেছে। প্রতিষ্ঠানের প্রকাশিত ফলাফল ও অভিনন্দন বার্তা থেকে জানা যায়, এবার মোট ৪২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৪২০ জন উত্তীর্ণ হয়েছে। সে হিসাবে পাসের হার ৯৮ দশমিক ৮২ শতাংশ। অকৃতকার্য হয়েছে মাত্র পাঁচজন।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে ২৮৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। মানবিক বিভাগে ১২৪ জনের মধ্যে পাস করেছে ১২৩ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে নয়জন। পাসের হার ৯৯ দশমিক ১৮ শতাংশ।
তবে ব্যবসায় শিক্ষা বিভাগে তুলনামূলক পিছিয়ে রয়েছে শিক্ষার্থীরা। এ বিভাগে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ জন। অকৃতকার্য হয়েছে চারজন। পাসের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ। এ বিভাগ থেকে কেউ জিপিএ-৫ পায়নি।
প্রতিষ্ঠানটির ফলাফল অনুযায়ী, মোট ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৫ জন এবং মানবিক বিভাগের নয়জন। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির পাসের হার বোর্ডের সামগ্রিক ফলাফলের তুলনায় ৫৩ দশমিক ৭৬ শতাংশ পয়েন্ট বেশি।
অন্যদিকে, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৮৯৪ জন। অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৪৬২ জন। বোর্ডের পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। গত বছরের ৫৯ দশমিক ৪০ শতাংশ থেকে এবার তা আরও কমেছে।
প্রতিষ্ঠানটির এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ও কলেজের সভাপতি মো. শহীদ আবু সরোয়ার। অভিনন্দন বার্তায় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), গভর্নিং বডির সদস্য, ট্যাগ অফিসার, কলেজ ইনচার্জ, সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের অবদানের কথা উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবা হকও এক বার্তায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। আগামীতে আরও ভালো ফল অর্জনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।


