
রাজশাহীতে রিকশা সরানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় পলাশ (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পলাশ নগরীর রাজারহাতা এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী শিল্পী হালদার বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। বুধবার রাতে অসুস্থ বোধ করায় রক্তচাপ মাপতে মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান তিনি। এ সময় সড়কের পাশে তার রিকশা রাখায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাকে রিকশা সরাতে বলেন। এ নিয়ে তাদের সঙ্গে পলাশের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে বিষয়টি মীমাংসা করে দেয়। পরে পলাশ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী কালবেলাকে বলেন, রিকশা রাখাকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হলে পলাশের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। রাত ৩টার দিকে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেওয়া হয়। এজাহারে কিছু সংশোধনের প্রয়োজন থাকায় পরে তা সংশোধন করা হয়। পলাশকে মারধরের অভিযোগে সংশ্লিষ্টদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রামেক হাসপাতালের মর্গে পলাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পলাশের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যাবে।


