
র্যাবের অভিযানে মিলল ৬ প্যাকেট হেরোইন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোদাগাড়ী মডেল থানার মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। খবর পেয়ে র্যাব-৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পাশের পাটক্ষেতে পালিয়ে যায়।
পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ছয়টি স্বচ্ছ পলিপ্যাকে রাখা মোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইন জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


