
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পানানগর ও কিশোরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পানানগর পূর্বপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে আদম আলী (৫৫) এবং কিশোরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ছাত্রলীগকর্মী তাকবির ইসলাম (২২)।

তদন্তে মিলল নাশকতায় সম্পৃক্ততা
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন দুর্গাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার দীর্ঘ তদন্তে আদম আলী ও ছাত্রলীগকর্মী তাকবির ইসলামের প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পানানগর ও কিশোরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা।
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা ওসির
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, সন্ত্রাসবিরোধী মামলায় সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরই তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে কড়া পুলিশি প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়।
ওসি আরও বলেন, “উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”


