
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেরে-বাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শেরে-বাংলা নগর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধারের পর ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যাওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
রোববার সন্ধ্যার দিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তাকে নিয়ে দলীয় পর্যায়ে তদন্ত হয়। জামায়াতে ইসলামী গত ২২ জুলাই এক বিবৃতিতে জানায়, তদন্তে তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
তবে ন্যাম ভবন থেকে তার দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


