
বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের ঐতিহাসিক গণরায়ের সঙ্গে স্পষ্ট প্রতারণা করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, জনগণের সুস্পষ্ট রায় উপেক্ষা করে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রয়েছে বিএনপি। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় গাইবান্ধা জেলা পরিষদের হলরুমে এনসিপি জেলা শাখা আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গায়ের জোরে ক্ষমতায় থাকা যায় না

সরকারের কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “অতীতেও আমরা দেখেছি অনেকেই গায়ের জোরে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, কিন্তু কেউই স্থায়ী হতে পারেনি। বর্তমান বিএনপি সরকারও এভাবে দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে অবশ্যই গণভোটের গণরায় এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”
আওয়ামী লীগ পুনর্বাসন ও মামলা বাণিজ্যের অভিযোগ
আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “যখনই তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, তখনই কৃত্রিম ঐক্যের সুর তুলছে। অথচ ভেতরে ভেতরে তারা নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে। ক্ষমতায় বসার পর থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থাই নেয়নি বিএনপি, যার ফলে ফ্যাসিস্ট শক্তিগুলো আবার মাথাচাড়া দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “বিএনপি সারা দেশে পতিত ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে গোপন আঁতাত করছে এবং নোংরা মামলা বাণিজ্যে লিপ্ত হয়েছে। বিএনপিকে অবিলম্বে এই আত্মঘাতী পথ থেকে ফিরে আসতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করে যে ঐতিহাসিক ভুল করেছিলেন, তার খেসারত বিএনপিকেই রক্ত দিয়ে দিতে হয়েছিল। সেই করুণ ইতিহাস থেকে তারেক রহমানের শিক্ষা নেওয়া উচিত।”
স্থানীয় নির্বাচনে একক লড়াইয়ের ঘোষণা
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে এনসিপি এককভাবে অংশ নেবে বলে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়। এ লক্ষ্যে সারা দেশে সাংগঠনিক ভিত্তি জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে কাজ চলছে বলে জানান দলটির আহ্বায়ক।
এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে ও জেলা সদস্যসচিব রাহাদ ইবনে শহীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন। সভায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।


