
ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিন ছুটি
সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন দিবস উপলক্ষে ২০২৭ সালে মোট ৩১ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা সংবলিত পরিপত্র দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের আলোকে ব্যাংক ছুটির তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী, ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা:
- জানুয়ারি ও ফেব্রুয়ারি: ২৪ জানুয়ারি শবে বরাত এবং ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- মার্চ: ৫ মার্চ জুমাতুল বিদা, ৭ মার্চ শবে কদর, ৮ থেকে ১২ মার্চ ঈদুল ফিতর এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস।
- এপ্রিল ও মে: ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (কেবল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মে দিবস, ১৫ থেকে ২০ মে ঈদুল আজহা এবং ২০ মে বুদ্ধপূর্ণিমা।
- জুন ও জুলাই: ১৬ জুন আশুরা এবং ১ জুলাই ব্যাংক হলিডে।
- আগস্ট ও অক্টোবর: ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী)।
- নভেম্বর ও ডিসেম্বর: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত ছুটির দিনগুলোতে ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে।


