
চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের অনুমতি চেয়ে ইউএনওর কাছে আবেদন
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে অনিয়ম ও ইউনিয়ন পরিষদ আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্যানেল চেয়ারম্যান-২ মো. জয়নাল আবেদীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দিয়ে দাবি করেছেন, আইন অনুযায়ী তাঁর ওপর দায়িত্ব বর্তানোর কথা থাকলেও তাঁকে বাদ দিয়ে প্যানেল চেয়ারম্যান-৩-কে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ জয়নাল আবেদিন ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৩ ধারার বিধান অনুযায়ী আবেদন করেন।
আবেদনে জয়নাল আবেদীন উল্লেখ করেন, ৫ নম্বর হড়গ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. আবুল কালাম আযাদ পদত্যাগের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্যানেল চেয়ারম্যান-১, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুনজুর রহমান। তবে তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন এবং চিকিৎসার জন্য ভারতে গেছেন। এ অবস্থায় তিনি কোনো ছুটির আবেদনও করেননি।
অভিযোগে আরও বলা হয়, মুনজুর রহমানের অনুপস্থিতিতে ২৯ জুন একটি সভা ডেকে ২৮ জুনের তারিখে রেজুলেশন দেখানো হয়েছে। অথচ ২৮ জুন কোনো সভার নোটিশ দেওয়া হয়নি, এমনকি ওই দিন কোনো সভাও অনুষ্ঠিত হয়নি। এছাড়া ওই সভায় অনেক সদস্য উপস্থিত ছিলেন না এবং রেজুলেশনেও তাঁদের স্বাক্ষর নেই বলে দাবি করা হয়েছে।
আবেদনে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের সচিব মো. আতাউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৩ ধারার বিধান উপেক্ষা করে প্যানেল চেয়ারম্যান-২-কে বাদ দিয়ে প্যানেল চেয়ারম্যান-৩-কে দায়িত্ব দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।
জয়নাল আবেদীনের দাবি, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৩ ধারা অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ অনুপস্থিত থাকলে প্যানেল চেয়ারম্যান-২-ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাই আইন অনুযায়ী তাঁকে চলতি দায়িত্ব পালনের অনুমতি দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন এবং হড়গ্রাম ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।



