
ফেনীর পরশুরামে একটি কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের প্রধান সড়কে ব্যতিক্রমী এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত এই সড়ক দিয়ে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করেন। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ জরুরি সেবার কোনো যানবাহনও এই এলাকায় ঢুকতে চায় না। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। বারবার তাগিদ দিয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না দেখায় এবার অভিনব উপায়ে প্রতিবাদ জানান তারা। ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তার মাঝখানেই ধানের চারা রোপণ করে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা মহসিন মজুমদার বলেন, সামান্য বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পুরো সড়কজুড়ে কাদা জমে থাকে। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে এবং রোগীদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় প্রয়োজন হলেও কোনো যানবাহন এই সড়কে আসতে চায় না।
স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী নুরুল ইসলাম বলে, একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে জুতা হাতে নিয়ে হেঁটে যেতে হয়। কাদায় জামাকাপড় নষ্ট হয়ে যায়, অনেক সময় পিছলে পড়ে আহতও হতে হয়। স্কুল-মাদরাসায় সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়ে। প্রতিদিন এভাবে চলাচল করা খুবই কষ্টের। দ্রুত সড়কটি সংস্কার করা হোক, যাতে নিরাপদে ও স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারি।
মির্জানগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, সড়কটির বেহাল দশার কথা অবগত হয়েছি। টেকসইভাবে সংস্কারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রকল্প অনুমোদন হলে দ্রুত কাজ শুরু করা হবে।


