
আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামের ন্যায়ভিত্তিক শ্রমনীতি কার্যকর ভূমিকা রাখতে পারে।

শনিবার (২০ জুন) রাজশাহীর বড়কুটি এলাকায় মসজিদ মিশন একাডেমিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ট্রেড ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষা শিবির-২০২৬-এ বক্তারা এসব কথা বলেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতিও ছিলেন।
প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট মো. আতিকুর রহমান। সভাপতিত্ব করেন অধ্যাপক মো. কামরুজ্জামান।
বক্তারা বলেন, ইসলাম শ্রমিকদের অধিকার ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরি পরিশোধের নির্দেশনা ইসলামে রয়েছে। তারা আরও বলেন, ধনী-গরিব বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
তারা উল্লেখ করেন, সমাজে সম্পদ ও ক্ষমতার অধিকারীদের দায়িত্ব হলো শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করা এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করা প্রত্যেকের সামাজিক ও নৈতিক দায়িত্ব।
শিক্ষা শিবিরে শ্রমিক অধিকার, সংগঠন পরিচালনা, নেতৃত্বের বিকাশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা, মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি এবং শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


