
রুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর মতিহার থানার বিনোদপুর এলাকার দাওয়াতুল ইসলাম ইয়াতিমখানা বালিকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ৫০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেনসিল, রাবার ও স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী।
এ সময় অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রকৃত মর্ম হলো মানুষের মধ্যে ভালোবাসা, সংহতি ও সমতা প্রতিষ্ঠা করা। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই দিবসটির শিক্ষার বাস্তব প্রয়োগ। এতিম শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সবার এগিয়ে আসা উচিত।
এতিমখানা কর্তৃপক্ষ রুয়েট প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পরে রুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।


