
দারুণ ছন্দে এগিয়ে চলা রিয়াল মাদ্রিদ, আর টালমাটাল লিভারপুল। কিন্তু অ্যানফিল্ডে মুখোমুখি হতেই বদলে গেল দৃশ্যপট। মাঠজুড়ে ঝড় তুলল স্বাগতিকরা। যদিও সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন থিবো কোর্তোয়া। তবে সেই দেয়ালও শেষ পর্যন্ত টিকতে পারল না। অল রেডসরা পেল অসাধারণ এক জয়, উল্লাসে ভাসল অ্যানফিল্ড।
গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে আর্না স্লটের দল। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের।বল দখলে পিছিয়ে থেকেও আক্রমণের আধিপত্য দেখায় লিভারপুল। পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৭টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রেয়ালের আট শটের মাত্র দুটি ছিল টার্গেটে। এই জয়ে চার ম্যাচে তিন জয় ও ৯ পয়েন্ট নিয়ে লিভারপুল উঠেছে ষষ্ঠ স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুইবার স্প্যানিশ জায়ান্টদের হারাল ইংলিশ ক্লাবটি। গত আসরেও অ্যানফিল্ডেই ২-০ গোলে জয় পেয়েছিল লিভারপুল। টানা ছয় হারের হতাশা ঝেড়ে আত্মবিশ্বাসী শুরু করে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধেই আক্রমণ-প্রচেষ্টায় দাপট দেখায় স্বাগতিকরা।
দশম মিনিটে রেয়ালের ডিফেন্সে ভুল ধরেই ভয় ধরিয়ে দেয় লিভারপুল। দমিনিক সোবোসলাইয়ের পাস পেয়ে মাক আলিস্তেরের শট লক্ষ্যে ছিল না। একটু পরেই পাল্টা আক্রমণে জ্বলে ওঠে রিয়াল, কিন্তু উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। বরং ২৭তম মিনিটে প্রতি-আক্রমণে লিভারপুলের সুবর্ণ সুযোগ রুখে দেন কোর্তোয়া। ওয়ান-অন-ওয়ানে সোবোসলাইয়ের জোরালো শট পা বাড়িয়ে ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক।
প্রথমার্ধের শেষভাগে আরও কয়েকবার বিপদে পড়ে রিয়াল। সোবোসলাইয়ের জোড়া শট ঠেকিয়ে দেন কোর্তোয়া, আর ভিনিসিউসের হাত বল লাগলেও ভিএআরের পর রেফারি বাতিল করেন হ্যান্ডবলের সিদ্ধান্ত।
দ্বিতীয়ার্ধে শুরুতেই আবার আক্রমণে আগুন ধরায় লিভারপুল। ৪৭তম মিনিটে ভার্জিল ফন ডাইকের হেড কর্নারের বিনিময়ে রুখে দেন কোর্তোয়া। এরপর উগো একিটিকের পরপর দুটি হেড একবার পোস্ট ঘেঁষে, আরেকবার কোর্তোয়ার হাতে আটকা পড়ে।
অবশেষে ৬১তম মিনিটে ভাঙে রেয়ালের প্রতিরোধ। সোবোসলাইয়ের নিখুঁত ফ্রি-কিক ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মাক আলিস্তের। গোলের সঙ্গে সঙ্গে অ্যানফিল্ড যেন উল্লাসে ফেটে পড়ে।
৭৫তম মিনিটে কিলিয়ান এমবাপে সুযোগ পেলেও ব্যর্থ হন। ভিনিসিউসের পাস পেয়ে তার শট পোস্ট মিস করে বেরিয়ে যায়। পরে আর্দা গিলেরকে তুলে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নামালে স্টেডিয়ামজুড়ে ওঠে দুয়োর শব্দ।
শেষ দিকে মরিয়া হয়ে ওঠে রিয়াল, কিন্তু প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি। ৮৭তম মিনিটে কোডি হাকপোর শট ঠেকিয়ে দেন কোর্তোয়া, মুহূর্ত পর সালাহর প্রচেষ্টাও ব্যর্থ হয় এদের মিলিতাওয়ের ডিফেন্সে।
শেষ পর্যন্ত স্কোরলাইন আর বদলায়নি। অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দারুণ এক জয়ে ঘুরে দাঁড়াল লিভারপুল।


