
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কালু মিস্ত্রির মোড় এলাকায় অনার্সপড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গ্রেপ্তাররা হলেন—বান্টি হাসান (১৮), মো. রিয়াজান (২০) ও মো. তাসিন লাবিব (১৯)।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে বোয়ালিয়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।
পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তারা ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁকে উত্ত্যক্ত করেন। একই সঙ্গে রাজশাহীতে তাঁর পড়াশোনা ও বসবাস বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কালু মিস্ত্রির মোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, ভিডিওটি প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে বোয়ালিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাসিত ফরহাদ ও বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মাসতুরি উপস্থিত ছিলেন।


