
সংবাদ সংস্থা এএফপির বরাতে জানা গেছে, বলে লালা ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে আইসিসির তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই। সংস্থাটির মতে, লালার সঙ্গে মিষ্টি, চুইংগাম কিংবা মিন্টের উপাদান মিশিয়ে বলের অবস্থা পরিবর্তন করা সম্ভব। ফলে বিষয়টি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা কঠিন।
২০২০ সালে করোনা মহামারির সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। পরবর্তী সময়ে ২০২২ সালে এই নিষেধাজ্ঞা স্থায়ী করা হয়। মূলত বলের এক পাশ চকচকে রাখতে পেসাররা লালা ব্যবহার করতেন, যা বল সুইং করাতে সহায়তা করে।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পর বলের মান ও পিচের ধরন নিয়ে প্রশ্ন তোলেন শুভমান গিল। ম্যাচে জয়ের জন্য ভারতের আট উইকেট প্রয়োজন থাকলেও গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের দৃঢ়তায় শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয় দলটিকে।
ম্যাচ শেষে গিল বলেন, নিউজিল্যান্ডে ব্যবহৃত কুকাবুরা বল ২৫ থেকে ৩০ ওভার পরই অনেকটা নরম হয়ে গিয়েছিল। ইংল্যান্ডেও গত বছর একই ধরনের সমস্যা দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে যুক্তি দেন ভারতীয় অধিনায়ক। তার মতে, করোনা মহামারি অনেক আগেই শেষ হয়েছে। তাই বল চকচকে রাখতে লালা ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি আবারও বিবেচনা করা উচিত।
তবে গিলের এই দাবির পরও নিষেধাজ্ঞা বহাল রাখার অবস্থানেই রয়েছে আইসিসি।


