
আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন; খেলাকে পেশায় রূপ দেওয়ার তাগিদ এমপি মিলনের
রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়, অতিথিপরায়ণ; তবে দেশের ও জাতির স্বার্থে প্রয়োজন হলে তারা রুখে দাঁড়িয়ে লড়াই করতে জানে, এমনকি জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এ অঞ্চল থেকে অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহী তথা বাংলাদেশের গৌরব তুলে ধরেছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের যুবসমাজকে এগিয়ে নিতে কাজ করছেন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ কারও গোলামি নয়, বরং পারস্পরিক বন্ধুত্ব, সহমর্মিতা ও সৌহার্দ্যের সম্পর্ক চায়।
রাজশাহীর সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরে তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের এ অঞ্চলের দর্শনীয় স্থান ঘুরে দেখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, খেলাধুলাকে পেশায় রূপ দেওয়া গেলে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা তৈরি হবে। পাশাপাশি তরুণ ও কিশোরদের মাদকসহ নানা অপরাধ থেকে দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, তরুণদের খেলাধুলায় মনোযোগী হওয়ার উপযুক্ত পরিবেশ দিতে না পারায় সমাজে নানা সমস্যা তৈরি হচ্ছে। এর মধ্যে মাদক অন্যতম ভয়াবহ সমস্যা। পরিবারে একজন মাদকাসক্ত সন্তান থাকলে সেই পরিবারের দুরবস্থা সহজেই উপলব্ধি করা যায়। এ অবস্থা থেকে উত্তরণে ক্রীড়া কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
বর্তমান সরকারপ্রধানের উদ্যোগের প্রশংসা করে এমপি মিলন বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জাতীয় খেলোয়াড়দের সম্মানিত করার উদ্যোগ একটি অনন্য পদক্ষেপ। একটি জাতি তখনই সমৃদ্ধভাবে আত্মপ্রকাশ করতে পারে, যখন সে জাতি তার গুণীজনদের সম্মান জানায়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর উল্লেখ করে তিনি তাদের আত্মবিশ্বাস ও উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করার সুযোগ তৈরি হবে।


