
অভিনয় ও ফ্যাশন—দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন তিনি। আধুনিক শাড়ি আর গ্ল্যামারাস সাজে তার উপস্থিতি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।
২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহর। প্রথম সিনেমাতেই অভিনয়ের প্রশংসা পাওয়ার পাশাপাশি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরে ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোর ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ নিজের প্রতি ভালোবাসা, নিজের যত্ন নেওয়া এবং নিজেকে সময় দেওয়ার একটি বিশেষ সময়ের কথা তুলে ধরেছেন অভিনেত্রী।
ছবিতে তার পরনে দেখা গেছে অ্যাশ-পার্পল রঙের আধুনিক নকশার শাড়ি। সঙ্গে পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। কানে ঝুলন্ত দুল, হাতে ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি চুলের সাজে ভিন্ন এক লুকে ধরা দিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও নিজস্ব স্টাইলের কারণেও প্রায়ই আলোচনায় থাকেন সুনেরাহ। নতুন ছবিগুলো প্রকাশের পরও তার সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


