
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ডিসেম্বরেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে সরকার। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা শেষে একই মাসে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর আগে চলতি মাসের শেষ সপ্তাহে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। গত শনিবার থেকে এ প্রক্রিয়ার আবেদন নেওয়া শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো।
তবে ডিসেম্বরে পুনঃপরীক্ষার ফল প্রকাশ করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না অনেক শিক্ষার্থী। কারণ, এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ও পরীক্ষা তার আগেই শুরু হচ্ছে। বিষয়টি নিয়ে হতাশা ও আক্ষেপ রয়েছে অকৃতকার্য শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে।

গত শনিবার চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ।
এবার পাসের হার কমার পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৭২ হাজার ১৭৬ জন। এবার এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪ জনে। অর্থাৎ গত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে ৩২ হাজার ৯২ জন।
ফল বিশ্লেষণে দেখা যায়, অকৃতকার্য ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থীর মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। তাঁদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
বিষয়ভিত্তিক ফলাফলে ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং হিসাববিজ্ঞানে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬১ দশমিক ১৪ শতাংশ, আইসিটিতে ৭১ দশমিক ৫৩ শতাংশ এবং হিসাববিজ্ঞানে ৬৫ দশমিক ৭৪ শতাংশ।
বিভাগভিত্তিক ফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো করলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ফল পিছিয়ে রয়েছে। এবার মানবিক বিভাগে পাসের হার ৪২ দশমিক ১৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৫০ দশমিক ৭৭ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে ৭৩ দশমিক ১২ শতাংশ।
শিক্ষাবিদদের মতে, ইংরেজি, আইসিটি ও হিসাববিজ্ঞানে বেশি শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে শিখন ঘাটতি, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষকের অভাব, আইসিটি ক্লাস নিয়মিত না হওয়া এবং তদারকির ঘাটতি ভূমিকা রেখেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমানের মতে, এবারের ফল দেশের শিক্ষাব্যবস্থার গভীর সংকট ও দুর্বলতাকে স্পষ্ট করেছে। তাঁর ভাষ্য, মূল্যায়নের উদ্দেশ্য শুধু পাস-ফেলের হিসাব করা নয়; বরং শিক্ষার্থীদের শিখন-অর্জন, দুর্বলতা ও উন্নতির জায়গাগুলো চিহ্নিত করা। ফল বিপর্যয়ের পেছনে শিক্ষকস্বল্পতা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিখন ঘাটতি, অবকাঠামো ও আইসিটি ল্যাবের অভাব, দক্ষ শিক্ষকের সংকট এবং বারবার অপরিকল্পিত কারিকুলাম পরিবর্তনের মতো বিষয় রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন শিক্ষাব্যবস্থার সামগ্রিক সংস্কার।
এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার সিদ্ধান্তের কথা ফল প্রকাশ অনুষ্ঠানে জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যাঁরা দুই বিষয়ে ফেল করেছেন, তাঁরা কঠোর প্রস্তুতি নিলে উত্তীর্ণ হতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পুনঃপরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডিসেম্বরের শুরুতে পরীক্ষা নিয়ে ওই মাসেই ফল প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই পরীক্ষার সময়সূচি ও ফরম পূরণের তারিখ ঘোষণা করা হতে পারে। পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় উপজেলা পর্যায়ে একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বর্তমান নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। ফলে এক বা দুই বিষয়ে ফেল করলেও শিক্ষার্থীদের প্রায় এক বছর অপেক্ষা করতে হয়। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে তাঁদের অপেক্ষার সময় কমবে।
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছে গত শনিবার। আগ্রহী পরীক্ষার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ, উত্তরপত্র যাচাই ও নম্বর সংশোধনের প্রক্রিয়া শেষে ২৭ নভেম্বর ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা বোর্ডগুলোর।
তবে পুনঃপরীক্ষার আগে খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হওয়ায় অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তনের সুযোগ থাকছে। যাঁদের উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের ভুল বা নম্বর যোগ-বিয়োগে গরমিল রয়েছে, তাঁদের ফল সংশোধন হতে পারে।
ডিসেম্বরে পুনঃপরীক্ষা ও ফল প্রকাশ করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের চারটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন অনেক শিক্ষার্থী।
তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর। আগামী বছরের ৮ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন নেওয়া হবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি। তবে সেখানে আবেদনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
ফলে পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হলেও এসব বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যোগ্যতা ও আবেদনের সময়সীমার কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তবে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তাঁদের ভর্তির সুযোগ থাকতে পারে। এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম সাধারণত বড় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শেষে শুরু হয়।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু প্রস্তুতির অভাবেই শিক্ষার্থীরা অকৃতকার্য হন না। নানা পারিপার্শ্বিক কারণেও অনেকের ফল খারাপ হতে পারে। তাঁদের মতে, পুনর্নিরীক্ষণের পর অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তনের নজির রয়েছে। এমনকি অকৃতকার্য অবস্থা থেকে পাস করার ঘটনাও ঘটে। তাই এক বা দুই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ অনেক শিক্ষার্থীর জন্য ইতিবাচক হলেও বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ না পাওয়ার আশঙ্কা তাঁদের হতাশ করছে।
গত বছর এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর নতুন করে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। ফেল থেকে পাস করেছিলেন ৪ হাজার ৫৮৫ জন। ওই বছর পুনর্নিরীক্ষণের পর ৫৬ হাজার ২৫৯ জনের নম্বর এবং ২৭ হাজার ৮৩৬ জনের জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছিল।
শিক্ষা বোর্ডসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের ভুল কিংবা নম্বর যোগ-বিয়োগে গরমিলের কারণে যাঁদের ফল খারাপ হয়েছে, পুনর্নিরীক্ষণের মাধ্যমে তাঁদের ফল সংশোধনের সুযোগ রয়েছে। তবে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এক বিষয় নয়। পুনর্নিরীক্ষণে মূলত নম্বর যোগ-বিয়োগসহ নির্ধারিত বিষয়গুলো যাচাই করা হয়। ফলে প্রকৃতপক্ষে অকৃতকার্য শিক্ষার্থীদেরই পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে।
সার্বিক বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পুনরায় পরীক্ষা নেওয়ার প্রস্তুতি মূল পরীক্ষার মতোই। নতুন করে প্রশ্ন ছাপানো, পরীক্ষক নিয়োগ এবং কেন্দ্র নির্ধারণ করতে হবে। সবকিছু বিবেচনা করেই ডিসেম্বরের মধ্যে পরীক্ষা ও ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে এইচএসসি পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম, সেগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিতে শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


