
‘চিরতরে নিষিদ্ধের’ উদ্যোগের ইঙ্গিত; গুম-খুনের পথে নয়, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার দাবি
সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে এ বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছালে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে, সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে…সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে।’
দীর্ঘ আন্দোলনের পর দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। স্বাধীনতা ও লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ন রেখে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
জাতীয় সংসদের শেষ অধিবেশনের দিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের দু-এক জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে নতুন পরিস্থিতি তৈরির চেষ্টা করলেও এসব করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারকে মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আগের সরকারের মতো গুম-হত্যা, গুলি চালিয়ে কিছু আমরা নির্মূল করতে চাই না, এই কারণে যা কিছু হয়েছে, আমরা ধৈর্য সহকারে মোকাবিলা করেছি।’
কোনো জেলার মানুষ যদি মনে করে সেখানে থানা, সরকারি অফিস-আদালত বা উন্নয়নমূলক অবকাঠামোর প্রয়োজন নেই, তাহলে সরকার সেসব স্থাপনা রাখবে না বলেও মন্তব্য করেন তিনি। সরকারি স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম জনগণের চাহিদার ওপর নির্ভর করবে বলে জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম আরও দাবি করেন, গাড়িতে অগ্নিসংযোগ, বোমা হামলা ও হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবেও সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকার দলটিকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সঠিক ও যৌক্তিক ছিল বলে মন্তব্য করেন তিনি।


