
ছাত্রদলের আয়োজনে সভায় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব; প্রধান আলোচক উপাচার্য
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন সাবেক রাকসু ভিপি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক এ সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে প্রধান আলোচক থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম।
আয়োজনের বিষয়ে সুলতান আহমেদ রাহী বলেন, ৭ নভেম্বরের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাকসুর সাবেক ভিপি হিসেবে রুহুল কবির রিজভীর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগ ও সম্পৃক্ততা রয়েছে। তাঁর উপস্থিতিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হবে বলে আশা করছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান বলেন, রুহুল কবির রিজভীর আগমন ও আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁকে বরণ, নিরাপত্তা ও আনুষঙ্গিক ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।


