
আইপিএলে খেলোয়াড় হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না তার। আগামী ২০২৭ আইপিএল আসর থেকে দলটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) শেষ দিনে ধোনির নতুন দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় চেন্নাই সুপার কিংস। এর মধ্য দিয়ে আইপিএলে খেলোয়াড় হিসেবে তার দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটল।

চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে জানান, মাঠে খেলতে না নামলেও ধোনি দলের সঙ্গে যুক্ত থাকবেন। তিনি বলেন, ধোনি সবসময় চেন্নাই সুপার কিংসের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এই দলই তার ঘর।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। তার নেতৃত্বে দলটি পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। এ ছাড়া দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও জিতেছে চেন্নাই।
ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে শ্রীনিবাসন বলেন, ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসকে কল্পনা করা কঠিন। প্রায় দুই দশকের পথচলায় দলটি তার সঙ্গে অনেক সাফল্য ও ব্যর্থতার সাক্ষী হয়েছে। ২০০৮ সালে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্তকে নিজের অন্যতম সেরা সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।
চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথন বলেন, ক্রিকেটার হিসেবে ধোনির অর্জন ভক্তদের মনে দীর্ঘদিন থাকবে। তবে চেন্নাই শহরের মানুষের সঙ্গে তার যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটিও তাকে বিশেষ করে তুলেছে। ধোনি যেমন শহরটিকে আপন করে নিয়েছেন, তেমনি শহরের মানুষও তাকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করেছেন।
মাঠে ধোনিকে না পেলেও দলের ডাগআউটে তার উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন বিশ্বনাথন। নতুন দায়িত্বে তিনি দলের ক্রিকেটারদের পথ দেখাবেন বলেও জানান তিনি।
আইপিএলে এখন পর্যন্ত ২৭৮টি ম্যাচ খেলেছেন ধোনি। ২৪২ ইনিংসে ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৫ হাজার ৪৩৯ রান। তার ব্যাট থেকে এসেছে ২৪টি অর্ধশতক। চার মেরেছেন ৩৭৫টি এবং ছক্কা হাঁকিয়েছেন ২৬৪টি।


