
শাহবাজ শরিফ বলেন, ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশিত গোল্ডম্যান স্যাকসের একটি গবেষণায় ২০৭৫ সালের মধ্যে পাকিস্তানকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে তিনি মনে করেন, নির্ধারিত সময়ের ২৫ বছর আগেই অর্থাৎ ২০৫০ সালের আগেই এ অবস্থানে পৌঁছাতে পারবে পাকিস্তান।
বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, পাকিস্তানের খনিজ সম্পদ শুধু উত্তোলন করলেই হবে না, দেশেই সেগুলো প্রক্রিয়াজাত ও উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে হবে। এ জন্য শোধনাগার, গলন কারখানা ও বিভিন্ন উৎপাদনকেন্দ্র স্থাপনে বিদেশি বিনিয়োগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্থানীয়ভাবে উত্তোলিত খনিজ ব্যবহার করে বৈদ্যুতিক তার ও পরিবাহী সামগ্রী উৎপাদন করা সম্ভব। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তি গড়ে উঠবে।
দুই দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলনে খনিজ অনুসন্ধান, বিনিয়োগ ও ভূতাত্ত্বিক জরিপসহ বিভিন্ন বিষয়ে ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তান।
গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদ কেভিন ডালি ও তাদাস গেদমিনাস ১০৪টি দেশের অর্থনীতি নিয়ে ‘দ্য পাথ টু ২০৭৫’ শীর্ষক একটি গবেষণা পরিচালনা করেন। সেখানে মূল্যস্ফীতি সমন্বিত মার্কিন ডলারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থানের পূর্বাভাস দেওয়া হয়। গবেষণায় ২০৫০ সালের সম্ভাব্য অর্থনৈতিক তালিকায় জাপানকে ষষ্ঠ অবস্থানে রাখা হলেও ২০৭৫ সালের পূর্বাভাসে পাকিস্তানকে একই অবস্থানে দেখানো হয়।
গবেষকদের মতে, যথাযথ নীতি গ্রহণ ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা গেলে ২০৭৫ সালের মধ্যে নাইজেরিয়া, পাকিস্তান ও মিসর বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলোর সারিতে উঠে আসতে পারে। এসব দেশের জনসংখ্যা বৃদ্ধিও অর্থনৈতিক সম্প্রসারণের একটি সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত রেকো ডিকে তামা ও স্বর্ণের খনি প্রকল্প থেকে ২০২৮ সালে উৎপাদন শুরুর আশা প্রকাশ করেছেন শাহবাজ শরিফ। প্রকল্পটির ৫০ শতাংশের মালিক কানাডার খনি কোম্পানি ব্যারিক মাইনিং। পাকিস্তানের তিনটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যৌথভাবে ২৫ শতাংশ এবং বেলুচিস্তান সরকার বাকি ২৫ শতাংশের মালিক।
তবে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় প্রকল্পের উন্নয়নকাজে ধীরগতি এনেছে ব্যারিক। বর্তমানে প্রকল্পের ব্যয়, অর্থায়ন ও বাস্তবায়নের সময়সূচি পর্যালোচনা করছে প্রতিষ্ঠানটি। এ কার্যক্রম ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত চলার কথা রয়েছে।
অন্যদিকে করাচি ও গোয়াদরে খনিজ প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ব্যারিকের একটি প্রতিনিধিদল। খনি প্রকল্পগুলো বেলুচিস্তানের মানুষের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুনে শেষ হওয়া অর্থবছরে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬ শতাংশ। প্রবাসী আয় দেশটির চলতি হিসাবের ভারসাম্য রক্ষায় সহায়তা করেছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ২১ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছায়।
এ ছাড়া অক্টোবরে আইএমএফের দুটি কর্মসূচির আওতায় পাকিস্তানকে প্রায় ১ দশমিক ২১ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। সংস্থাটির নির্বাহী পর্ষদের অনুমোদন মিললে দুই কর্মসূচিতে দেশটির মোট অর্থছাড়ের পরিমাণ প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়াবে।


