
‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য বাংলাদেশের জন্য অতুলনীয় ক্ষতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থী সংগঠন মঞ্চ ২৪।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মেহেদী সজীবসহ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে যাতে পুনরায় কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের উত্থান না ঘটে, সে জন্য সব গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা ফ্যাসিবাদের উত্থান, শাসনামলে সংঘটিত দমন-পীড়ন এবং রাজনৈতিক নিপীড়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা পরস্পরের দোষারোপ করে রাজনীতি করতে চাই না। অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক শক্তি একসঙ্গে বসে কর্মসূচি নির্ধারণ করত, ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘যারা মনে করছে জুলাইয়ের শক্তি নিঃশেষ হয়ে গেছে, তারা ভুল করছে। সেই শক্তি এখনও সুপ্ত আগ্নেয়গিরির মতো বিদ্যমান। প্রয়োজন হলে ফ্যাসিবাদ প্রতিরোধে তা আবারও বিস্ফোরিত হবে।’
জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য দেশের ক্ষতির একমাত্র কারণ না হলেও এটি অন্যতম প্রধান কারণ। তিনি আন্দোলনের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা এবং ঢাকাকেন্দ্রিক নেতৃত্বের প্রবণতাকে অনৈক্যের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির সময় থেকেই ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হতে শুরু করে।’
এ সময় তিনি সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘২৯ তারিখে সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কারফিউ ভঙ্গ করেছিলেন। কিন্তু সেই অবদান জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ স্বীকৃতি পায়নি।’
তিনি অভিযোগ করেন, সর্বপ্রথম কারফিউ ভাঙার ঘটনাটি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রামাণ্যচিত্রেও স্থান পায়নি।
মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ‘মঞ্চ ২৪ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়নি। সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে দল-মত নির্বিশেষে তার বিরুদ্ধে মঞ্চ ২৪ আন্দোলন চালিয়ে যাবে।’
ফাহিম ফারুকী আরও জানান, মঞ্চ ২৪ একটি ‘প্রেসার গ্রুপ’ হিসেবে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন বিষয়ে কাজ করছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


