
জোড়া গোল করে এগিয়ে নিলেন বায়ার্ন মিউনিখকে। কিন্তু প্রথমার্ধ শেষ হতে না হতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো তাকে। তবু দশজনের বায়ার্ন মিউনিখকে থামাতে পারেনি পিএসজি। রোমাঞ্চে ভরা এক রাতে জয় নিয়েই মাঠ ছাড়ল জার্মান চ্যাম্পিয়নরা।

প্যারিসে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন জোয়াও নেভেস।
ম্যাচের শুরুতেই ঝড় তোলে অতিথিরা। মাত্র চার মিনিটেই গোল পায় বায়ার্ন। ডি-বক্সে ঢুকে মাইকেল ওলিসের নেওয়া শট ঠেকান পিএসজি গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন দিয়াস।
৩১তম মিনিটে জিনাব্রির দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু এক মিনিট পরই ভুলের খেসারত দেয় পিএসজি। ডিফেন্ডার মার্কিনিয়োসের বল হারানোয় সুযোগ পান দিয়াস, একা এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
দশজন নিয়ে দ্বিতীয়ার্ধে রক্ষণে মনোযোগী হয় বায়ার্ন। আক্রমণে চাপ বাড়ায় পিএসজি। ৬৮তম মিনিটে ভিতিনিয়ার শট দুর্দান্ত সেভে ঠেকিয়ে দেন অভিজ্ঞ মানুয়েল নয়ার। তবে ৭৪তম মিনিটে আর রক্ষা হয়নি। ছয় গজ দূর থেকে জোয়াও নেভেসের দারুণ ফিনিশে ব্যবধান কমায় স্বাগতিকরা।
দশজনের দল হয়েও জয় তুলে নেয় বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের ১৬তম জয়। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে এখন জার্মান জায়ান্টরা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল, তিনে ৯ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।


