
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী আজ ১৫ নভেম্বর শনিবার সকালে বিশাল মোটরসাইকেল র্যালি আয়োজন করেছে। শনিবার ১৫ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাস টার্মিনাল থেকে র্যালিটি শুরু হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় চার থেকে পাঁচ হাজার মোটরসাইকেল অংশ নেয়।

র্যালিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-০২ (সদর) আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, নগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মহা. সেলিম, সেক্রেটারি মো. এমাজউদ্দিন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারসহ সংগঠনের শীর্ষ নেতারা।
নওদাপাড়া থেকে যাত্রা শুরু করে র্যালিটি আমচত্ত্বর, রেলগেট, সিটি বাইপাস মোড়, কোর্ট স্টেশনসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষ পর্যন্ত রাজপাড়া থানাধীন শাহমখদুম ঈদগাহ ময়দানে গিয়ে এ কর্মসূচি শেষ হয়েছে।
পুরো কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।


