
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীর উপস্থিতি পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতির কারণ জানতে চেয়ে শিক্ষকদের জবাবে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকালে কলেজটি পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি কম দেখে শিক্ষকদের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে এক নারী শিক্ষক জানান, ক্লাসে একজন ছাত্রী উপস্থিত আছে। ওই ক্লাসে মোট ১৫ জন শিক্ষার্থী রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী জানতে চান, ‘মেয়েরা আসে না?’ শিক্ষক জবাবে বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’ আরেক শিক্ষক জানান, শিক্ষার্থীরা এখনো ক্লাসে আসেনি। এ সময় ক্লাসের সময়সূচি নিয়েও শিক্ষকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী
শিক্ষকদের ভাষ্য, শিক্ষার্থীদের ক্লাসে আসার অনীহা রয়েছে। তাদের ক্লাসে আনতে ফোন করতে হয়। শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
পরিদর্শন শেষে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা ও পাঠদানে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।


