
রাকিবুল ইসলাম মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের জন্য পরামর্শকরণ সভা-৩ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট ২০২৬- সকাল ১০টায় মোহনপুর উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) সহযোগিতায় কেশরহাট পৌরসভা এ পরামর্শকরণ সভার আয়োজন করে।
সভায় কেশরহাট পৌরসভার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ নগরায়ণ, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, নাগরিক সেবা, পরিবেশ সংরক্ষণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কেশরহাট পৌরসভার প্রশাসক জোবায়দা সুলতানা।
সভায় প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর, আরবান প্ল্যানার ফারহানা রহমান, LGED-এর GICD Consulting Service-এর সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলী এ বি এম জাহিরুল ইসলাম মাফি, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, কেশরহাট পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে টেকসই ও পরিকল্পিত করতে একটি বাস্তবসম্মত মাস্টার প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা বৃদ্ধি, ভবিষ্যৎ নগর সম্প্রসারণ এবং নাগরিকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি পৌরবাসীর মতামত ও চাহিদাকে মাস্টার প্ল্যানে যথাযথভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কেশরহাট পৌরসভার প্রশাসক জোবায়দা সুলতানা বলেন, “কেশরহাট পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন যেন পরিকল্পিত ও জনবান্ধবভাবে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যেই মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। পৌরবাসীর প্রয়োজন, মতামত ও ভবিষ্যৎ চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করতে হবে। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।
প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর বলেন, “মাস্টার প্ল্যান শুধু অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নয়; একটি পৌর এলাকার সামগ্রিক ও দীর্ঘমেয়াদি উন্নয়নের দিকনির্দেশনা। কেশরহাট পৌরসভার বর্তমান বাস্তবতা, জনসংখ্যার প্রবৃদ্ধি, ভূমি ব্যবহার, যোগাযোগব্যবস্থা, পানি, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে পরিকল্পনাটি প্রণয়ন করা হবে। সংশ্লিষ্ট সবার মতামত ও স্থানীয় জনগণের চাহিদা এ পরিকল্পনাকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে সহায়তা করবে।
বক্তারা আরও বলেন, একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করা গেলে কেশরহাট পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ড সঠিক অগ্রাধিকার ও পরিকল্পনার ভিত্তিতে বাস্তবায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতেও এ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



