
মদিনা, সৌদি আরব, ১৬ নভেম্বর: সৌদি আরবে মদিনার কাছে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) ভারতীয় সময় দিবাগত রাত প্রায় দেড়টার দিকে মক্কা থেকে মদিনাগামী বাসটির মুফরিহাটে একটি তেলবাহী ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়।

ধারণা করা হচ্ছে, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় মাত্র ২৪ বছর বয়সী মোহাম্মদ আবদুল শোয়েব নামের একজন যাত্রী জীবিত বেঁচে গেছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, বাকি ৪২ জন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা গেছেন।
বেঁচে ফেরা শোয়েব হায়দরাবাদের বাসিন্দা। তিনি বাসের সামনে চালকের আসনের পেছনে বসে ছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, জেদ্দায় ভারতের কনস্যুলেট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম খুলেছে। তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।
রাশিয়া সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট আক্রান্তদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানার তথ্য প্রযুক্তি মন্ত্রী ডি শ্রীধর বাবু সাংবাদিকদের বলেছেন যে, নিহতদের মধ্যে কমপক্ষে ১৬ জনই হায়দরাবাদের বাসিন্দা এবং তারা রাজ্যের মাল্লেপল্লির বাজারঘাট এলাকার অধিবাসী।


