
রাশিয়ার রেলওয়ে সিস্টেমে হামলা চালিয়ে তিন রুশ কর্মকর্তাকে হত্যার দাবি করছে ইউক্রেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা (জিইউআর) জানিয়েছে, এই হামলায় একটি ট্রেনও লাইনচ্যুত করা হয়।
গত সপ্তাহে খারকিভ ও সুমি অঞ্চলের দখলদার রুশ বাহিনীর রেলওয়ে সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই ধরনের হামলা সামরিক সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করার একটি গুরুত্বপূর্ণ অংশ।

ইউক্রেন দাবি করছে, রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে এবং যুদ্ধকে দুর্বল করতে তাদের এই অভিযান সফল হয়েছে। এই হামলার ফলে রাশিয়ার রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
জানা গেছে, হামলায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এটি জাপোরিঝিয়া অঞ্চলের উরোজায়াঙ্ক এবং তোকমাকের মাঝামাঝি জায়গায় হামলার শিকার হয়। তবে হামলাটি কীভাবে চালানো হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।
যেখানে হামলাটি হয়েছে সেটি ইউক্রেনীয় সেনাদের অবস্থান থেকে অনেক দূরে এবং গভীরে। এরআগেও ইউক্রেন নিজেদের নিয়ন্ত্রণের বাইরের অঞ্চলে বড় বড় হামলা চালিয়েছে।
বিশেষ করে গত জুনে রাশিয়ার ভেতরে একাধিক ঘাঁটিতে ১০০ ড্রোন দিয়ে গোপন হামলা চালায় ইউক্রেন। এতে দেশটির বেশ কয়েকটি বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।


