
সোমবার অর্ধদিবস, মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও মেডিকেল টেকনোলজিস্টরা। দাবি পূরণ না হলে সোমবার অর্ধদিবস এবং মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তাঁরা। পরবর্তী সময়ে লাগাতার আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের বহির্বিভাগের (আউটডোর) ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বহির্বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি, হাসপাতাল পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং মন্ত্রণালয়ে বিষয়টি জানানোর পরও কোনো সমাধান হয়নি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্তানদের পড়াশোনার ব্যয়ের সঙ্গে তাঁদের বেতন সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থায় বেতন-ভাতা বৃদ্ধি জরুরি।
আন্দোলনকারীরা জানান, দাবি বিবেচনা ও সমাধানের জন্য কর্তৃপক্ষকে এক দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তাঁরা।
তবে কর্মসূচির কারণে রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাঁরা বলেন, দ্রুত সমস্যার সমাধান হলে সম্মানের সঙ্গে কর্মস্থলে ফিরে যাবেন।


