
রোববার (১৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যেও এ বিক্ষোভের আয়োজন করা হয়।
পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। এ ছাড়া ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনু এবং মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়।

সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে আসেন। পরে মিছিলগুলো পুরাতন লঞ্চঘাট এলাকায় একত্রিত হয়। সেখানে সমবেত হওয়ার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পুরাতন লঞ্চঘাট থেকে মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কার্যালয়ের তালা খুলে দেন তারা। এ সময় দলীয় স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।
এরপর লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে সেখানে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।
পরে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের একটি এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। পুলিশের ওই যানবাহনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও লেখা হয়। এ ছাড়া প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেলেও তাদের তেমন তৎপরতা চোখে পড়েনি।
কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।


