
ইয়ামালকে দেখতে চেয়েছিলেন চেক কোচও
স্পেনের বিপক্ষে ম্যাচের আগে হতাশা সান্তি দেনিয়ার; বললেন, দর্শকরা টিকিট কাটেন ইয়ামালকে দেখতে
প্রতিপক্ষ স্পেন, তবু দলটির অন্যতম সেরা তারকা লামিন ইয়ামালকে মাঠে দেখতে চেয়েছিলেন চেক প্রজাতন্ত্রের কোচ সান্তি দেনিয়া। চোটের কারণে স্পেনের স্কোয়াডে ইয়ামাল না থাকায় হতাশা প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, ইয়ামালের মতো ফুটবলারকে দেখতেই দর্শকরা টিকিট কাটেন।
বৃহস্পতিবার নেশনস লিগের ম্যাচে প্রাগে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র ও স্পেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়ামালের অনুপস্থিতি নিয়ে কথা বলেন দেনিয়া। স্পেনের যুবদলের সাবেক এই কোচ বলেন, ‘আমরা চেয়েছিলাম লামিন থাকুক, কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। মানুষ লামিনকে দেখতে টিকিট কাটে। স্পেন কেমন দল নামায়, আমরা কেমন দল নামাতে পারি, সেটাই এখন দেখার।’
ইয়ামালের পাশাপাশি স্পেন দলে থাকছেন না রদ্রি ও দানি ওলমোও। তাঁদের অনুপস্থিতি ম্যাচের আকর্ষণ কমাতে পারে বলে মনে করেন দেনিয়া। তবে এতে স্পেনের খেলার ধরনে পরিবর্তন আসবে না বলেই বিশ্বাস তাঁর। কারণ, বিকল্প খেলোয়াড়ের অভাব নেই দলটিতে।
দেনিয়া বলেন, ‘তারা না থাকাটা দুঃখজনক, কারণ দর্শকেরা তাদের দেখতে চান। তবে আমাদের লক্ষ্য ম্যাচ জেতা। এতে আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। স্পেনের খেলার কাঠামো একই থাকবে।’
স্পেনের যুবদলের বিভিন্ন পর্যায়ে কোচিং করানোর সুবাদে দলটির অনেক খেলোয়াড়কেই কাছ থেকে চেনেন দেনিয়া। বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেসকে নিজের সন্তানের মতো মনে করেন বলেও জানিয়েছেন তিনি।
নেশনস লিগের গ্রুপ ‘এ-৩’-এ চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। অন্যদিকে চার ম্যাচে হেরে পয়েন্টশূন্য চেক প্রজাতন্ত্র। স্পেনকে হারাতে হলে নিজেদের নিখুঁত ফুটবল খেলতে হবে বলে মনে করেন দেনিয়া। এ জন্য সেট পিস, রক্ষণ, প্রেসিং এবং নিচু ব্লকে দলকে সংগঠিত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।



