
শিক্ষা, স্বাস্থ্যসেবা ও এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে আলোচনা
রাজশাহীকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে প্রশংসা করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ প্রশংসা করেন।

নগর ভবনে প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর উন্নয়ন।
বৈঠকে দুই শহরের অভিজ্ঞতা বিনিময় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট খাতগুলোতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক অগ্রগতির আশাও ব্যক্ত করেন তাঁরা।
সাক্ষাৎকালে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র ও রাসিক প্রশাসক পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
এ সময় ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের জ্যেষ্ঠ উপদেষ্টা জন আইনার কোভাম, স্ট্রমী ফাউন্ডেশনের প্রতিনিধিরা, স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ রাসিকের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


