
শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এনবিআইইউর ডিরেক্টর অব অ্যাকাউন্টস আশরাফুল হুদা এবং রাকাবের মানবসম্পদ উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং এনবিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান।
সমঝোতা স্মারকের আওতায় শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন ও অর্থায়নসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে। পাশাপাশি এনবিআইইউর শিক্ষার্থীরা রাকাবে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
চুক্তির আওতায় রাকাবের সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে এনবিআইইউর শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধের সুবিধা চালু হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকটির বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আরও গতিশীল হবে।
অন্যদিকে, রাকাবের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং তাঁদের স্ত্রী-সন্তানরা এনবিআইইউর বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে ভর্তি ও টিউশন ফিতে বিশেষ ছাড় পাবেন। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয়টির কাছ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাউন্সেলিং সহায়তা নেওয়ার সুযোগও থাকবে।
রাকাব ও এনবিআইইউ কর্তৃপক্ষের মতে, এ সমঝোতার মাধ্যমে উত্তরাঞ্চলের ব্যাংকিং খাত ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। এর ফলে শিক্ষা, গবেষণা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক সেবার বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে দুই প্রতিষ্ঠান।


