
রাজশাহী প্রতিনিধি: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুরে চার শতাধিক কৃষকের মাঝে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কেশরহাট এলাকায় মেসার্স রহমান ট্রেডার্সের উদ্যোগে এ সার বিতরণ করা হয়। সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে কৃষকদের মাঝে সার সরবরাহ করা হয়।

মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনুমোদিত সার ডিলার। তাঁর প্রতিষ্ঠানের সামনে টাঙানো মূল্যতালিকা অনুযায়ী, প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি ২৭ টাকা, ডিএপি ২১ টাকা এবং এমওপি ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রতি বস্তা ইউরিয়া ও টিএসপি ১ হাজার ৩৫০ টাকা, ডিএপি ১ হাজার ৫০ টাকা এবং এমওপি ১ হাজার টাকায় প্রদান করা হয়েছে ।
সার বিতরণ কার্যক্রমে কৃষি বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে চার শতাধিক কৃষকের কাছে সার সরবরাহ করা হয়। এ সময় কৃষকদের মধ্যে সার বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “মোহনপুর উপজেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। সার নিয়ে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। তবে কেউ কৃত্রিম সংকট তৈরি না করলে কৃষকদের সার পেতে কোনো সমস্যা হবে না।”
ডিলার মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কৃষকদের চাহিদা অনুযায়ী বরাদ্দকৃত সার সরবরাহ করা হচ্ছে। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।”
সার নিতে আসা কৃষকরা জানান, “ফসল উৎপাদনের জন্য সময়মতো সার পাওয়া খুবই জরুরি। নির্ধারিত দামে সার পেলে কৃষকদের উপকার হয়। এভাবে সুষ্ঠু ব্যবস্থাপনায় সার বিতরণ অব্যাহত থাকলে কৃষকদের ভোগান্তি কমবে।”
কৃষকদের স্বার্থে সার মজুত, সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।


