
রাজশাহী প্রতিনিধি: রাকিবুল ইসলাম
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর রায়ঘাটি ইউনিয়ন আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ বৈঠকের আয়োজন করা হয়। ইউনিয়ন দলনেতা মো. সামশুজ্জামান বৈঠকটির আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. শামিউল বাসির। তিনি বলেন, মাদক ও বাল্যবিবাহ মারাত্মক সামাজিক ব্যাধি। এসব অপরাধ ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এগুলো প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৈঠকে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহের কুফল তুলে ধরা হয়। পাশাপাশি এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় ইউনিয়ন আনসার কমান্ডার মো. সাইদুর রহমান, দলনেত্রী মোসা. শামসুন্নাহার, ভিডিপি সদস্য মো. মেহেদী হাসানসহ শতাধিক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।


