
চাপ সামলে ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য সবটুকু নিংড়ে দিতে হবে বলছেন ইতালির কোচ জেনারো গাত্তুসো। সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট না পাওয়ার পর প্লে অফে আজ্জুরিদের সামনে এখন প্রথম চ্যালেঞ্জ উত্তর আয়ারল্যান্ড। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে হয়েছে ইউরোপীয় ও আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র।

মূলত, ১৯৩০, ১৯৩৪, ১৯৮২ ও ২০০৬— এই চারটি বিশ্বকাপে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েই শিরোপা নিজেদের করেছিলো ইতালি। ফুটবলে বেশ সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্য বহন করা দলটাই এখন রীতিমতো ধুঁকছে। পর পর দু’বার বিশ্বকাপে খেলতে না পারার পর টানা তৃতীয়বার বিশ্বমঞ্চে খেলার ভাগ্য এখন ঝুলছে আজ্জুরিদের।
২০১৮ আর ২০২২ এর পর ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে ইতালিকে খেলতে হবে প্লে অফ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে হয়েছে ইউরোপীয় ও আন্তমহাদেশীয় প্লে অফের ড্র। যেখানে ইউরোপ অঞ্চলের প্লে অফের এ গ্রুপে পড়েছে ইতালি। প্রথম সেমিফাইনালে আজ্জুরিদের সামনে চ্যালেঞ্জ নর্দার্ন আয়ারল্যান্ড। এই ম্যাচে জিতলে ফাইনালে ওয়েলস ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে জয়ীদলের বিপক্ষে খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যদিও পরিসংখ্যানের লড়াইয়ে বেশ এগিয়েই আছে আজ্জুরিরা। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১১ বারের দেখায় মাত্র একটিতেই হেরেছে ইতালি। তবে আয়ারল্যান্ডের কাছে হারলেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যাবে দলটা। যদিও জয়ের ব্যাপারে আশাবাদী কোচ জেনারো গাত্তুসো।
তিনি বলেন, আমাদেরকে ভালো ফর্ম নিয়েই শুরু করতে হবে। আমরা সবশেষ দুই বিশ্বকাপে জায়গা করে নিতে পারিনি, আমাদের ওপর চাপ থাকবে অনেক। আমরা প্রস্তুত আছি, উত্তর আয়ারল্যান্ডকে আমরা হারাতে পারব। এটা ঠিক, তারা খুবই শরীরী ফুটবল খেলে। তবু আমরা তাদের বিপক্ষে ইতিবাচক কিছু করব বলে আশা করছি
২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে প্লে অফের লড়াই; ৪৮ দলের মাঝে ইতমধ্যেই সরাসির বিশ্বকাপ নিশ্চিত করেছে ৪২টি দল; প্লে অফ পেরিয়ে টিকিট পাবে আরও আরও ৬ দল। যার একটিতে নাম লেখানোর লড়াইয়ে নামবে ইতালি।
এর আগে ২০১৮ বিশ্বকাপের প্লে অফে সুইডেন ও ২০২২ সালে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপে খেলার টিকিট হারায় চারবারের শিরোপাজয়ীরা। এবার আরও একবার বিশ্বমঞ্চের দৌড়ে পা হড়কানোর শঙ্কা এখন আজ্জুরিদের সামনে।


