
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ঘটনার সময় বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারছেন না। কারা, কী কারণে এবং কীভাবে তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


