
নাটোরে সোনা চুরির মামলায় জেলা কারাগারের কারারক্ষী ইউসুফ হোসেন ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন নাটোর পৌরসভার ডোমপাড়া এলাকার মো. মিন্টু ওরফে কালু এবং রাজশাহীর সন্তোষপুর এলাকার আলমগীর বাদশা। পুলিশ জানায়, চুরি যাওয়া সোনাও উদ্ধার করা হয়েছে। গত ২১ নভেম্বর (শুক্রবার) সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, নাটোর পৌরসভার আলাইপুর এলাকার একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে বৃহস্পতিবার উত্তর চৌকিরপাড় এলাকা থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজারে বাদশা জুয়েলার্স থেকে দুটি স্বর্ণের আংটি (৪ আনা ৪ রতি) উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দোকানমালিক আলমগীর বাদশাকেও আটক করা হয়। দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে চুরি হওয়া সোনা বিক্রির বিষয়টি নিশ্চিত হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৯ নভেম্বর বিকেল ৫টা ৩৪ মিনিটে নাটোর জেলা কারাগারের কারারক্ষী ইউসুফ হোসেন ইমন তাঁর সহযোগী মিন্টুকে সঙ্গে নিয়ে চুরি হওয়া স্বর্ণের আংটিগুলো আলমগীরের দোকানে ৩১ হাজার টাকায় বিক্রি করেন। পরে বৃহস্পতিবার রাতে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হলে অভিযুক্ত কারারক্ষী ইউসুফকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


