
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে জাহাজটি চট্টগ্রামে এসেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়। বন্দরের প্রবেশমুখে পৌঁছানোর পর সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানানো হয়। পরে জাহাজটি বন্দরে ভেড়ার সময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রামে এসেছে।

আগামীকাল সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে ‘কারাত-২০২৬’ মহড়া। পাঁচ দিনব্যাপী এ মহড়ায় দুই দেশের নৌসদস্যরা পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন। পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় সক্ষমতা বাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের যৌথ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখে। একই সঙ্গে সমুদ্র নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় নৌসদস্যদের দক্ষতা ও প্রস্তুতি বাড়ানোর সুযোগ তৈরি হয়। আগামী ৫ নভেম্বর মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। মহড়া শেষে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।


