
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের সিলেবাসে কোনো পরিবর্তন আনছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বিদ্যমান ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পাঠ্যসূচিই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিটিবি থেকে সংশ্লিষ্ট তিনটি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমান পাঠ্যসূচিই কার্যকর থাকবে।
এনসিটিবি জানায়, শিক্ষা মন্ত্রণালয় গঠিত পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির অনুমোদন অনুযায়ী বাংলা প্রথম পত্রের জন্য ১২টি গদ্য ও ১২টি পদ্য নির্ধারণ করা হয়েছিল। সেই সিলেবাসটিই আগামী শিক্ষাবর্ষের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


