
ম্যাচের শেষ সময় প্রায় নিশ্চিত করে দিচ্ছিল আল নাস্রের জয়। সবাই অপেক্ষা করছিল শুধু শেষ বাঁশির। ঠিক তখনই মাঠ মাতিয়ে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ডানদিক থেকে নাওয়াফের তুলে দেওয়া ক্রসে বলের দিকে দৌড় থামিয়ে শরীর ঘুরিয়ে নিলেন তিনি। মুহূর্তেই শূন্যে ভেসে উঠে নিলেন দারুণ এক বাইসাইকেল কিক।

গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে হাত লাগালেও বল থামানো সম্ভব হয়নি। বল জালে ঢোকার সঙ্গে সঙ্গেই কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে গিয়ে করলেন তার চিরচেনা ‘সিউউউ’ উদযাপন।
রোববার ঘরের মাঠে আল খালিজকে ৪-১ ব্যবধানে হারায় আল নাস্র। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রোনালদোর করা গোলটি ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হয়ে ওঠে। এর আগে জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানে একটি করে গোল করেন।
৯ ম্যাচে টানা জিতে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাস্র। সমান ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া আল হিলাল আছে দুই নম্বরে।


