
রামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ভূমিমন্ত্রী মিনু
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি, দায়িত্ব পালনে অবহিতকরণের নির্দেশ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন।
এদিকে গত ২৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে মিজানুর রহমান মিনুকে সভাপতি মনোনীত করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।
প্রজ্ঞাপনের অনুলিপি হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে মনোনীত সভাপতিকে অবহিতকরণের অনুরোধ জানানো হয়েছে।
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রামেক হাসপাতালে প্রতিদিন রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। দীর্ঘদিন ধরে অতিরিক্ত রোগীর চাপ, শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।
নতুন সভাপতি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে হাসপাতালের এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শয্যা ও জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সক্রিয় ভূমিকা চান তাঁরা।



