
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর-২ আসন থেকে আমার বাংলাদেশ পার্টির(এবি) মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থানা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মীর কাছ থেকে রাজশাহী মহানগর এবি পার্টির নেতা-কর্মীরাসহ সাঈদ নোমান নিজে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যেকোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্টার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।
মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় মুহাম্মদ সাঈদ নোমান প্রিয় শহীদ ওসমান হাদিকে স্মরণ করে তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত রাজশাহী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোহাম্মদ সাঈদ নোমান আরো বলেন, জনগণের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক রাজনীতির চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সময় তিনি রাজশাহী-২ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


