
স্টাফ রিপোর্টার : রাকিবুল ইসলাম
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মুগরইল বধ্যভূমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।

সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, স্বাধীনতার ঠিক পূর্বমুহূর্তে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করার এক নৃশংস ষড়যন্ত্র, যা কখনোই ভুলে যাওয়ার নয়।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদান আমাদের জাতীয় জীবনে চিরভাস্বর। তাঁদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


