
রায়হান মন্ডল, তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামে শেয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত অন্তত তিন দফায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই শেয়ালের একটি দল সন্ধার দিকে গ্রামে ঢুকে মানুষের দিকে কামড় দেওয়ার জন্য তেড়ে আসে। মানুকে যেখানেই দেখে সেখানেই কামড়ানো শুরু করে এবং বিভিন্ন স্থানে লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই পর্যন্ত দশজন আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গিয়েছে।
তাদের মধ্যে রয়েছে লামিয়া(০৫), ছাইদুর(৪০), সাত্তার(৪৫), হাসনা(৫০), রফিকুল(৩৫) ও তার বউ সহ আরো ৪ জন।অনেকে ধারনা করছেন গত দুই দিন আগে গ্রামের পাশে একটি মৃত গরু পুতে রাখা হয়,সেই গরুটির মাংস খেয়েই হয়তো শেয়ালগুলো মাংস খাওয়ার আশায় মানুষকে আক্রমন করছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
একজন গুরুতর আহত হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি আহতদের তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সবাইকে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।
তানোর উপজেলা বন ও পশুসম্পদ কর্মকর্তা জানান, শেয়ালগুলো সম্ভবত অসুস্থ বা জলাতঙ্কে আক্রান্ত হতে পারে, গ্রামবাসীর সহযোগিতায় ২ টা শেয়ালকে মেরে ফেলা হয়েছে। গ্রামবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং শেয়ালগুলোকে ধরতে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ তৎপর রয়েছে বলেও জানান তিনি।


