
রাজশাহীর গোদাগাড়ীতে টিনের ঘরের চাল থেকে এক কেজি হেরোইনসহ মাদক কারবারি মো. সিয়ামকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব–৫। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য আনুমানিক কোটি টাকার বেশি। আজ সোমবার র্যাব–৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।

গ্রেপ্তার মো. সিয়াম গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার হাবিবুর রহমানের ছেলে। রোববার রাত ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তের চরাঞ্চল থেকে হেরোইনের চালান এনে বাড়িতে মজুত করতেন। পরে সেগুলো বিভিন্ন অঞ্চলে সরবরাহ দিতেন। র্যাবের অভিযানের আগের দিনও সিয়াম পদ্মার চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে এসে টিনশেড ঘরের চালের ওপর লুকিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায় এবং উপস্থিত সাক্ষীদের সামনে হেরোইন উদ্ধার করা হয়।
তিনি বলেন, সিয়ামকে আটক করতে এর আগেও তিনবার চেষ্টা করা হয়েছিল। প্রতিবারই তিনি আত্মগোপনে চলে গিয়ে গ্রেপ্তার এড়ান। চতুর্থ প্রচেষ্টায় অবশেষে হাতেনাতে ধরা পড়েন তিনি। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।


