
।
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম

রাজশাহীর মোহনপুর উপজেলায় আলু রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। শীতের আগমনে বর্ষায় ডুবে থাকা বিস্তীর্ণ ফসলি জমি জেগে উঠেছে। এখন দেরিতে হলেও এসব জমিতে পুরোদমে চলছে উন্নত জাতের আলুর বীজ রোপণের কাজ।
উপজেলার বিভিন্ন এলাকায় কথা হয় আলুচাষি মুক্তার, মতিন ও রবিউলের সঙ্গে। তারা জানান, গত মৌসুমে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশা তৈরি হলেও এবার নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তারা। তাদের ভাষায়, “গত বছর ভালো দাম পাইনি, তবুও এবার আশা ছাড়িনি। দাম ভালো পেলে আমাদের কষ্ট সার্থক হবে।”
কৃষকরা জানান, সময়মতো জমিতে বীজ রোপণ শেষ করতে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নারী-পুরুষ কৃষি শ্রমিকরা এসে কাজ করছেন। ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে দ্রুত মাঠের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
তারা আরও বলেন, আলুর উৎপাদন বৃদ্ধি ও মান উন্নয়নের জন্য নিয়মিত কৃষি কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করছেন।
এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “কৃষকদের দুশ্চিন্তা কমাতে আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে উপজেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৫৬০ হেক্টর। এর মধ্যে ইতোমধ্যেই ২,৬৮০ হেক্টর জমিতে আলু রোপণ সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হবে।”
ঝুঁকি থাকলেও লাভের আশায় নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মোহনপুরের আলুচাষিরা।


