
রাজশাহী প্রতিনিধি: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুরে অবৈধভাবে সার সংগ্রহ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আবু সাঈদ। তিনি কামারপাড়া বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী। জানা গেছে, তিনি সকল প্রকার বালাইনাশকের খুচরা বিক্রেতা হলেও নিয়মবহির্ভূতভাবে সার সংগ্রহ ও বিক্রি করছিলেন।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
কৃষকদের কাছে নির্ধারিত নিয়মে সার সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধভাবে সার সংগ্রহ ও বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



